কিশোরগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা, আহত ৩
আব্দুর রউফ ভূইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ স্টেশনের অদূরে যশোদল বীজ গুদাম সংলগ্ন অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে চালকসহ তিনজন আহত হয়েছে। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।
রবিবার (০৩ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
আহতরা হলেন, মিঠামইন উপজেলার লাল মিয়ার ছেলে এয়াকুব আলী (৩২), একই উপজেলার সিরাজ মিয়ার ছেলে কবীর হোসেন (৩৫) এবং কাউসার আলী (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিং পার হওয়ার সময় সিএনজিটি আটকে গেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনটির ইঞ্জিনের ধাক্কায় সিএনজি চালকসহ ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত হওয়ায় কাউসার আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দীন ফারুকী জানান, চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস মেইল ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনের অদূরে যশোদল এলাকায় সিএনজির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলে তিনজন আহত হয়। গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিকেল এবং বাকি দু’জনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে পাঠানো হয়েছে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































